
বিমান বন্দরের ময়লার ঝুড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে পাঁচ কেজি স্বর্ণের বার।
বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় ৪৬টি স্বর্ণ বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে কাস্টমস গোয়েন্দা দল। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ারপোর্টের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো ২টি বান্ডেল পাওয়া যায়। যেখানে ৪৬টি স্বর্ণের বার ছিল। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা।
অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণবারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে জানায় শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।


