
পবিত্র ঈদ-উল ফিতরকে ঘিরে এরই মধ্যে নাড়ির টানে ঢাকা শহর ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ।
রাজধানীর গাবতলী বাস কাউন্টার, কমলাপুর স্টেশন এবং সদরঘাট লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের ভিড়। যারা ঈদের অগ্রিম টিকিট কেটেছিল তারা সকাল থেকেই ধীরে ধীরে এসে তাদের নির্ধারিত যানবাহনে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
এ সুযোগকে কাজে লাগিয়ে ঈদের সময়ে রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ড ও রেল স্টেশনে নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে কিছুসংখ্যক দুষ্কৃতকারী। তবে এখন পর্যন্ত গাবতলী বাস স্ট্যান্ড ও আশেপাশে অন্যান্য এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনকালে দারুস সালাম থানার পেট্রোল অফিসার হারুনুর রশিদ বলেন, আজ শেষ কর্মদিবস। এখন পর্যন্ত রাজধানীতে তেমন একটা যানজট চোখে পড়েনি। তবে বিকাল বা সন্ধ্যা নাগাদ এবং শুক্রবার ও শনিবার অনেক বেশি চাপ হবে। এই চাপের মধ্যে যেন কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সর্বদা সজাগ রয়েছে।



