

প্রতি বছরই ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা হয়ে গেলে বাড়ে চুরির ঘটনা। এবারও এর ব্যতিক্রম হলো না। রাজধানীর মোহাম্মদপুরের একটি ফাঁকা বাসায় ঘটল দুর্ধর্ষ চুরির ঘটনা।
শুক্রাবার (২৯ এপ্রিল) রাত ৭-৮টার দিকে মোহাম্মদপুরের ওই বাসার গ্রিল কেটে ৩৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় চোর। যার বাজার মূল্য আনুমানিক ২৬ লাখ টাকা। এছাড়া দুটি ল্যাপটপ ও নগদ দুই লাখ টাকাও নিয়ে যায় চোর।
এই ঘটনায় শনিবার (৩০ এপ্রিল) রাতে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন ওই বাসার গৃহকর্তা ইমামুল আরাফাত। তার সন্দেহের ভিত্তিতে তিনজনকে আটকও করেছে পুলিশ।
আটকরা হলেন ওই বাসার গৃহকর্মী পারভীন আক্তার এবং নিরাপত্তারক্ষী শহীদুল ও দেলওয়ার।
বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ। তিনি বলেন, বাসায় কেউ না থাকার সুযোগে গ্রিল কেটে এই চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগির সন্দেহের প্রেক্ষিতে আমরা তিনজনকে আটক করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা এই ঘটনার সঙ্গে জড়িত। এছাড়া ওই বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা সেটা বিশ্লেষণ করে দেখছি।
ভুক্তভোগী গৃহকর্তা ইমামুল আরাফাত জানান, ওই বাসায় তিনি আর তার স্ত্রী থাকতেন। তারা দুইজনই চাকরিজীবী। ঈদ উপলক্ষে তার স্ত্রী যশোরে গ্রামের বাড়ি গেছেন।
তিনি আরো জানান, ঘটনার দিন তিনি তার স্ত্রীকে দিয়ে আসতে বিমানবন্দরে যান। সেখান থেকে তিনি একটি ইফতার পার্টিতে যান। ইফতার পার্টি থেকে রাতে বাসায় এসে দেখেন বাসার ভেতর থেকে দরজা বন্ধ করা। পরে বাড়ির মালিক ও দারোয়ানকে খবর দেওয়া হয়৷ তারা ভেতরে ঢুকে দেখেন বাসায় চুরি হয়েছে।


