
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা শহরে একের পর এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটছে। সবশেষ মঙ্গলবার (৩ মে) দিবাগত রাতে হাতিরঝিলে একটি বাসার জানালার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকার মালামাল চুরি করে দুর্বৃত্তরা।
এর আগে শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৭-৮টার দিকে মোহাম্মদপুরে একটি বাসার গ্রিল কেটে ৩৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় চোর।
বুধবার (৪ মে) হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, হাতিরঝিলের মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরির ঘটনায় সকালে ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাসাটি থেকে মোট সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এর মধ্যে ছিল চেইন, হাতের চুড়ি, নেকলেস ও টিকলি ইত্যাদি ছিল। এছাড়াও দুটি হার্ডডিস্ক, দুটি ক্যামেরা ও নগদ চার লাখ টাকাও চুরি হয়েছে। বাসাটি বরিশালের দক্ষিণের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট আবরার হোসেনের। তারা ঈদের ছুটিতে গ্রামে ছিলেন।
প্রতি বছরই ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা হয়ে গেলে বাড়ে চুরির ঘটনা। এবারও এর ব্যতিক্রম হলো না। এর আগে শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের একটি ফাঁকা বাসায়ও ঘটে দুর্ধর্ষ চুরির ঘটনা। ওই বাসার গ্রিল কেটে ৩৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় চোর। যার বাজার মূল্য আনুমানিক ২৬ লাখ টাকা। এছাড়া দুটি ল্যাপটপ ও নগদ দুই লাখ টাকাও নিয়ে যায় চোর।



