
কক্সবাজারের টেকনাফ থেকে ক্রিস্টাল মেথ আইস ও বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক সাকের আলীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার থেকে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (৯ মে) সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথের বাজার মূল্য সাড়ে পাঁচ কোটি টাকারও বেশি।
গ্রেফতার সাকের আলী মিয়ানমারের মৃত কালু মিয়ার ছেলে। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সামরিক হামলার পর সাকের আলী কক্সবাজারে চলে আসেন। পরে জেলার টেকনাফ থানার বি ব্লকের ২৫ নম্বর ক্যাম্পে বসবাস করেন তিনি।
লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রোববার রাতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন গোপন সংবাদ পায় রাতের যে কোন সময় ওমরখাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে পারে। তথ্য পেয়ে বিজিবির দুটি বিশেষ দল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কয়েকটি স্থানে অবস্থান নেয়। রাত সোয়া ১২টার দিকে বিজিবির দল লক্ষ্য করে একজন নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। পরে শূন্য রেখা অতিক্রম করে নদীর তীরে আসলে তাকে আটক করে বিজিবি। এ সময় তার শরীর তল্লাশি করে শরীরের বিভিন্ন স্থানে বাঁধা অবস্থায় ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইফতেখার জানান, টেকনাফ মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।



