
নারিকেল ও লেবু চুরিকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে নাতি জিসানকে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসাম দাদা আবুল কাশেম হাওলাদারকে গ্রেফতার করেছে সিআইডি।
সোমবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১০ মে) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
এর আগে গত ২৮ এপ্রিল বাগানের নারিকেল ও লেবু তুলে নেয়ার সন্দেহকে কেন্দ্র করে বড় ছেলের বউ এবং নাতি নাতনির সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় দাদা আবুল কাশেম হাওলাদার ও তার ছোট ছেলে আজিজুলের।
এ সময় আজিজুলের বউ, আজিজুল, তার মেয়ে নাজমুন নাহার ও দাদা আবুল কাশেম মিলে বড় ছেলের বউ ও মেয়েকে মারধর করতে থাকলে তাদের চিৎকারে ঘর থেকে বের হয়ে মা ও বোনকে উদ্ধার করতে আসে জিসান। তখন কাঠের ক্রিকেট ব্যাট দিয়ে জিসানের মাথায় আঘাত করেন দাদা আবুল কাশেম। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে জিসান। পরে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-বরিশাল শের-ই-বাংলা মেডিলেক কলেজ ও সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে মারা যায় জিসান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আবুল কাশেম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানান সিআইডি কর্মকর্তারা।



