

৩০ কেজি গাঁজাসহ রাজধানীর যাত্রাবাড়ী থেকে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. ওমর সানী, মো. ফয়সাল ও মো. আল আমিন।
বুধবার (১১ মে) রাতে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল ফুট ওভার ব্রীজ ও শনির আখড়া ফুট ওভার ব্রীজের মাঝামাঝি থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১২ মে) অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম রেজাউল হক এ তথ্য জানান।
তিনি জানান, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলা হতে গাঁজা সংগ্রহ করে পিকআপযোগে ঢাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে মাতুয়াইল ফুট ওভার ব্রীজ হতে শনির আখড়া ফুট ওভার ব্রীজের মাঝামাঝি রাস্তার পাশে সুমনের চায়ের দোকানের সামনে অবস্থান নেয় পুলিশ। পিকআপটি সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে পালানোর সময় ওমর সানী, ফয়সাল ও আল আমিনকে পিকআপসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় বিক্রয় করে থাকেন তারা। যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।



