
চট্টগ্রামে ৫ কোটি টাকা মূল্যের এক পাউন্ড সাপের বিষসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ ছাড়া উদ্ধার করা হয়েছে নানা প্রাণীর রক্তসহ প্রতারণার নানা উপকরণ।
শনিবার (১৪ মে) নগরীর ডবলমুরিং থানা এলাকার ডিটি রোডের একটি বাসায় গোয়েন্দা পুলিশ অভিযানে চালিয়ে আটক করে কথিত তিন তান্ত্রিককে। এর মধ্যে ১০ ধরনের প্রাণীর রক্তও রয়েছে এবং মাদক ব্যবসায়ীদের কাছে সাপের বিষ বিক্রি করত এই চক্রের সদস্যরা।
মাদকসেবীদের কাছে সর্বোচ্চ পর্যায়ের মাদক হিসেবে বিক্রি করা হচ্ছে কোবরা সাপের ভয়ংকর বিষ। মাদকের বিকল্প হিসেবে সেবনের পাশাপাশি অন্যান্য তরল মাদকেও এই সাপের বিষ মেশানো হচ্ছে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ফ্রান্সের বিখ্যাত রেড ড্রাগন কোম্পানির উৎপাদিত এক পাউন্ড ওজনের এই বিষের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
পৃথিবীর বিভিন্ন দেশে সাপের বিষ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয় আর বাংলাদেশে ব্যবহার হচ্ছে মাদক সেবনে। মাদকসেবীরা যেমন নিজেরা এই সাপের বিষ সেবন করছে, তেমনি অন্যান্য তরল মাদকের কার্যকারিতা বাড়াতে মেশানো হয় সাপের বিষ।
এদিকে গোয়েন্দা পুলিশ পরিদর্শক আরিফুর রহমান বলেন, সাপের বিষ উদ্ধার এবং প্রতারণার অভিযোগে নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে।



