
দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় টেকনাফ থানার সাবেক ওসি এবং মেজর এসকে সিনহা হত্যা মামলার প্রধান আসামী ওসি প্রদীপের স্ত্রী চুমকি আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
সোমবার (২৩ মে) দুপুর ১২টার দিকে তিনি আত্মসমর্পণ করলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদুল হক জানান, মামলা দায়েরের পর থেকে সাবেক ওসি প্রদীপের স্ত্রী চুমকি পলাতক ছিলেন। তিনি আজকে আত্মসমর্পণের পর আদালতের কাছে জামিন চান। কিন্তু বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিপুল পরিমাণ অর্থ সম্পদ মজুদ করার বিষয়টি বিবেচনা করেই মামলাটি করা হয়েছে। তাদের সম্পদের মধ্যে নগরের পাথরঘাটায় ছয়তলা বাড়িসহ অন্যান্য এলাকায় একাধিক বাড়ি, ৪৫ ভরি স্বর্ণ, একটি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ব্যাংক লেনদেনের হিসাব এবং কক্সবাজারের একটি ফ্ল্যাটের মালিক হিসেবে দেখানো হয়েছে প্রদীপের স্ত্রী চুমকিকে। তাদের সকল স্থাবর এবং অস্থাবর সম্পদের বিপরীতে ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদক। এছাড়া চুমকি নিজেকে একজন মৎস্য ব্যবসায়ী হিসেবে ঘোষণা করলেও এর কোনই প্রমাণ পায়নি দুদক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়।



