

খুলনায় একটি গ্যারেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ মার্চ) রাত ১২টার পর খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেন ধর্ষণের শিকার গৃহবধূ। পরে গভীর রাতে কামরুল নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অন্য আসামিরা হলেন- জীবন, সুমন ও আলা।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানা এলাকার একটি গ্যারেজে এই ধর্ষণের ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাতে ওই গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময় চার-পাঁচজন ওই দম্পতিকে তুলে ভেতরে নিয়ে যায়। পরে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, এই ঘটনায় গ্যারেজ মালিকককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এছাড়া ধর্ষণের শিকার গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে



