

রাজধানীর দক্ষিণখান থেকে অপহৃত শিশু এনামুল হাসানকে (২) চারদিন পর উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এই ঘটনায় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ মার্চ) রাতে রাজধানীর মুগদা ও গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
গ্রেপ্তাররা হলেন- মো. নাছির উদ্দিন ও মো. মেহেদী হাসান।
ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. কায়সার রিজভী কোরায়েশী জানান, গত ১৫ মার্চ দুই বছরের শিশু এনামুল হাসান অপহরণের শিকার হয়। এনামুল ওই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
ডিসি আরো জানান, এনামুলকে অপহরণের পর অপহরণকারীরা তার মায়ের ফোনে কল দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে এনামুলকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেয়। পরে গত ১৭ মার্চ শিশুটির বাবা দক্ষিণখান থানায় মামলা দায়ের করলে এর তদন্তভার নেয় ডিবি।
মো. কায়সার রিজভী কোরায়েশী আরো জানান, মামলার তদন্তভার গ্রহণের পর শুক্রবার (১৮ মার্চ) তথ্য প্রযুক্তির সহায়তায় অপরণকারীদের অবস্থান সম্পর্কে জানতে পারে তদন্তকারী কর্মকর্তারা। পরে রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন এলাকা থেকে প্রথমে নাছিরকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুগদার কমলাপুর টিটিপাড়া থেকে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মেহেদীর হেফাজত থেকে অপহৃত শিশু এনামুলকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।



