

গাইবান্ধায় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল গণি (৫০) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ মার্চ) বিকাল ৩টার দিকে জেলার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল গণি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মৃত মোংলার ছেলে এবং দহবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ মার্চ) সকালে ওই গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী এক নারী বাড়ির পাশের মুদি দোকানে পান কিনতে যাচ্ছিলেন। এ সময় তাকে টেনে-হিঁচড়ে রাস্তার পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন আব্দুল গণি। এ সময় ওই গ্রামের আরেক নারী ঘটনাটি দেখে ফেলেন এবং ওই গৃহবধূর স্বামীর বাড়িতে খবর দেন। পরে ওই গৃহবধূর সতিন ও এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন। পরে শনিবার (১৯ মার্চ) দুপুরে স্ত্রীকে নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর স্বামী।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এম এ আজিজ জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত আব্দুল গণিকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



