

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এমভি রূপসী-৯ জাহাজের আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
মামলার তদন্ত সংস্থা নৌ পুলিশের পক্ষ থেকে সোমবার বিকালে আট আসামিকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।
পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক কাউসার আলম প্রত্যেকের তিন দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- রূপসী-৯ জাহাজের মাস্টার রমজান আলী শেখ, নুরুল আলম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন, ইয়াসিন, সুকানি জাহিদুল ইসলাম ও গ্রিজার রিয়াদ হোসেন।
এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক বাবুলাল বৈদ্য বাদী হয়ে বিকেলে এ ঘটনায় মামলা করেন বলে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান।
সব মিলিয়ে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় আটজনের লাশ উদ্ধার হয়। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী এবং দুজন শিশু।
রোববার দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। লঞ্চটিতে প্রায় অর্ধ-শতাধিক যাত্রী ছিল বলে বেঁচে ফেরা কয়েকজন যাত্রী দাবি করেন।
সোমবার ভোরে ডুবে যাওয়া এমএল আফসার উদ্দিন লঞ্চটি উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।



