

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ডাকাত চক্রটি নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতি করে আসছিল বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ মার্চ) রাত ১টার দিকে দক্ষিণ বাড্ডা লেক রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি স্টিলের চাকু, দুইটি লোহার রড, পাঁচ পিস পাটের রশি ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মোঃ ইকবাল, সাব্বির আহমেদ রুবেল ও মোঃ সাইফুর ইসলাম সানী।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, একটি ডাকাত দল দক্ষিণ বাড্ডা লেক রোড এলাকার শাওন অটো এন্ড সার্ভিসিং সেন্টারের সামনে অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপান সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা নিয়মিত বাড্ডা ও এর আশপাশের এলাকায় ডাকাতি করত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি মো. আবুল কালাম আজাদ।



