

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শিল্পপতি করিম উদ্দীন ভরসার এক ছেলেকে হত্যার দায়ে তার আরেক ছেলে কবিরুল ইসলাম ভরসাকে জজ আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।
সাজা অনুমোদনের আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৩ মার্চ) এই রায় দেয়।
আদালতে পলাতক কবিরুলের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
২০০৯ সালের ২৭ এপ্রিল ছোট ভাই খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে রাজধানীর বিজয়নগরের একটি অফিসে গুলি করে হত্যা করেন বড়ভাই কবিরুল।
হত্যাকাণ্ডের পর নিহতের শ্যালক ইমরান হোসেন বাদী হয়ে পল্টন থানায় এই মামলা দায়ের করেন। সেখানে কবিরুল ইসলাম ভরসাকেই একমাত্র আসামি করা হয়।
এ মামলায় বিচার শেষে ২০১৬ সালের ১১ এপ্রিল ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ আদালত কবিরকে মৃত্যুদণ্ড দেয়।
পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাই কোর্টে পাঠানো হয়। তার ওপর শুনানি শেষে বুধবার রায় দিল আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেন, আসামি রায়ের আগে থেকে পলাতক যার ফলে দণ্ডের বিরুদ্ধে কোনো আপিল ছিল না। ডেথ রেফারেন্স গ্রহণ করে আদালত রায় দিয়েছে।



