

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে মুহুর্মুহু গুলি করে মৃত্যু নিশ্চিতকারী এক শ্যুটার ধরা পড়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে ডিবির একটি সূত্র দূরবীন নিউজকে জানায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা টিপু। শ্যুটার ২০ সেকেন্ডে ১২ রাউন্ড গুলি ছুঁড়ে। যার ১০টিই লাগে টিপুর শরীরে।
এ সময় টিপুর গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামের আরেক এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হন টিপুর গাড়িচালক মুন্নাও।
এ ঘটনায় শুক্রবার টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে শাহজাহানপুর থানায় মামলা করেন।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই খুনিদের গ্রেপ্তারে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।


