বাবুল আক্তারকে অব্যাহতি, সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হেড অফ ডিজিটাল মিডিয়া


ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া।মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই আদেশ দেন।মামলায় চার জনের মধ্যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুল আক্তারের ছোট ভাই হাবীবুর রহমান লাবুর বিরুদ্ধে প্রতিবেদন আমলে নেয় আদালত। একই সঙ্গে আদালত আগামী ৩১ আগস্ট দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন। আজ অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির জন্য দিন ধার্য ছিল। গ্রহণযোগ্যতা শুনানির পর ট্রাইব্যুনাল এসব আদেশ দেন।শুনানির সময় জামিনে থাকা বাবুলের বাবা ও ভাই আদালতে হাজির ছিলেন। বাবুল আক্তার কারাগারে রয়েছেন। তবে অব্যাহতি পেলেও চট্টগ্রামে মিতু হত্যা মামলার আসামি হওয়ায় তিনি মুক্তি পাবেন না। মামলার অপর আসামি সাংবাদিক ইলিয়াস হোসেন শুরু থেকে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান রাজধানীর ধানমন্ডি থানায় এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, বাবুল আকতারসহ অন্য আসামিরা মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করেন। এরই অংশ হিসেবে ইলিয়াস হোসেনকে দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচার করা হয়। ভিডিওতে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়।



