

দুই বছরের বেশি সাজাপ্রাপ্তরা কেউই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান আইনজীবী খুরশীদ আলম খান। সোমবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট চত্বরে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।প্রসঙ্গত, গত ২২ অক্টোবর হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের দ্বৈত বেঞ্চ এক রায়ের পর্যবেক্ষণে বলেন, দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামি সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য।এই রায়ের বিষয়ে দুদকের আইনজীবী আরও বলেন, প্রকাশিত রায়ে হাইকোর্ট বলেছেন, সাজা কখনও স্থগিত হয় না। উপযুক্ত আদালতে সাজা বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।এই রায়ের আলোকে বেগম খালেদা জিয়া, হাজী সেলিমসহ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিই আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও মন্তব্য করেন খুরশীদ আলম খান।এর কারণ হিসেবে তিনি বলেন, তাদের সাজা বাতিল হয়নি। যদি হাইকোর্টের রায় আপিল বিভাগ সংশোধন করেন বা বাতিল হয় সেটা ভিন্ন কথা। কেউ এ রায় চ্যালেঞ্জ করে আপিল বিভাগে না গেলে এটিই বলবৎ থাকবে।২০১৮ সালের ২৭ নভেম্বর দেয়া এক রায়ের ৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সংবিধানকে উদ্ধৃত করে হাইকোর্ট রায়ে বলেন, দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবেন।



