

জ্ঞাত আয় বহির্ভূত মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, এই রায়ে পাপিয়ার মুক্তিতে বাধা নেই। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দুদক থেকে সিদ্ধান্ত হলে আমরা আবেদন করবো।আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু, আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।২০২০ সালের ৪ আগস্ট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।



