

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার বাদী এবং তার স্ত্রী ফারহানা ইসলাম ডলিকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। ডলি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর।
ডলিকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাত ১০টায় ডেকে নিয়ে রাত ১২টার দিকে ছেড়ে দেয় র্যাব -৩। পরে তাকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়।
ডলি সাংবাদিকরদের জানান, এ ব্যাপারে তিনি কোন তথ্যই জানেন না।
টিপুর স্ত্রীকে কেন ডেকে নেওয়া হয়েছিল জানতে চাইলে র্যাব- ৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দীন বলেন, ‘কিছু বিষয় জানার জন্য আমরা তাকে ডেকেছিলাম।’
শাহজাহানপুরের আমতলী এলাকার রাস্তায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪)। ওই সময় গাড়ির কাছেই রিকশায় থাকা বদরুন্নেছা সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন।
টিপুর স্ত্রী ডলি এ ঘটনায় শুক্রবার সকালে শাহজাহানপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
টিপু প্রায় এক দশক আগে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার আসামি ছিলেন। ৪-৫দিন আগে ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ করেন তার স্ত্রী।
হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় রোববার বগুড়া থেকে মাসুম মোহাম্মাদ আকাশ নামে একজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে বলেন, আকাশই ‘মূল খুনি’। টিপুকে হত্যার জন্য তাকে ভাড়া করা হয়েছিল। তবে কারা কেন টিপুকে হত্যা করার জন্য খুনি ভাড়া করেছে সেটি এখনও জানা যায় নি।



