রাজধানীর সবুজবাগে দুই শিশুর সামনে মাকে হত্যার ঘটনায় বাপ্পী নামের এক এসির টেকনিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় আরও দুইজনকে নজরদারিতে রাখা হয়েছে। তাদেরও যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. আজগর আলী এ তথ্য জানান।

এদিকে বিকাল ৫টায় সবুজবাগ থানায় এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

citytouch 728-X-90

সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. আজগর আলী জানান, গ্রেপ্তার বাপ্পী এসি মেরামতের আড়ালে সাধারণ মানুষের বাসায় ঢুকে লুট করত। সবুজবাগে নারীকে হত্যার ঘটনায় তার সঙ্গে আরও দুইজন জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। তাদের নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাদেরও গ্রেপ্তার করা হতে পারে।

গত ২৬ মার্চ রাতে সবুজবাগের দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় তানিয়া আফরোজ (২৬) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়।

পুলিশ যখন মরদেহ উদ্ধার করে তখন পাশে স্কচটেপ পেঁচানো অবস্থায় তার তিন মাস ও তিন বছর বয়সী দুই সন্তানকে পাওয়া যায়।

মূলত ৩-৪ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা লুট করতেই খুনি তাকে হত্যা করে।