

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর মন্ত্রিসভাও গঠিত হয়েছে। তাতে ব্যাপক পরিবর্তনের ফলে পুরোনো মন্ত্রিসভার ২৮ জন বাদ পড়েন।বাদ পড়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। তারা হলেন সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনজনই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক। এবার কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব না পেলে তারা নিজেদের আইন পেশায় ফিরে এসেছেন।রোববার (১৪ জানুয়ারি) থেকে তারা পুনরায় সুপ্রিম কোর্টে এসে আইন পেশার কার্যক্রম শুরু করেছেন। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের চেম্বারে সাবেক এ তিন মন্ত্রীকে আড্ডা দিতে দেখা গেছে।উল্লেখ্য, এই তিনজনের মধ্যে দুইবার এবারের ভোটে নির্বাচিত হয়েছেন। মাহবুব আলী নৌকা নিয়ে ভোটের লড়াইয়ে হেরেছেন। আরেক আইনজীবী ব্যারিস্টার সুমনের কাছেই পরাজিত হয়েছেন তিনি।গত ৭ জানুয়ারি নির্বাচনের তিন দিন পর (১০ জানুয়ারি) রাতে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, নতুন মন্ত্রিসভায় কারা কারা স্থান পাচ্ছেন। এই তালিকায় স্থান পাননি বিদায়ী মন্ত্রিসভার ২৮ জন।



