

পবিত্র রমজান মাসের সময়সূচি ঘোষণা করেছে আদালত।
বৃহস্পতিবার আপিল বিভাগ, হাইকোর্ট ও নিম্ন আদালতের পৃথক পৃথক সময়সূচি নির্ধারণ করে তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আপিল বিভাগের সময়সূচি অনুযায়ী, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে অফিসের কার্যক্রম। দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। তবে আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এদিকে হাইকোর্টের সময়সূচিতে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল ১০ টা থেকে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। দুপুরে বিরতি থাকবে ১টা ১৫ মিনিট থেকে দুইটা পর্যন্ত।
আর অফিস চলবে সকাল ৯টা ১৫মিনিট থেকে সাড়ে তিনটা পর্যন্ত। বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত।
এছাড়া রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে অধস্তন আদালতের কার্যক্রম। বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত।
অপরদিকে অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত।



