

রাজধানীর গুলশান এলাকায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল বৃহস্পতিবার । তবে আবারো এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়ে দিয়েছে আদালত ।ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা আগামী ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. আলাউদ্দিন তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।এ নিয়ে পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিতে ১০ বার সময় নিয়েছে ।
গুলশানের বাসা থেকে মরদেহ উদ্ধারের পর ২০২১ সালের ২৬ এপ্রিল কলেজছাত্রীর বড় বোন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন। মামলায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দেয়া হয় আনভীরের বিরুদ্ধে ।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা আবুল হাসান ১৯ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। আদালত ১৮ আগস্ট প্রতিবেদনটি গ্রহণ করেন এবং মামলা থেকে অব্যাহতি দেন আনভীরকে ।
পরবর্তীতে ৬ সেপ্টেম্বর কলেজছাত্রীর বড় বোন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে এই মামলা করেন।
মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম তার স্ত্রী আফরোজা বেগম, আনভীরের স্ত্রী সাবরিনা সায়েম, মডেল ফারিয়া মাহবুব পিয়াশা, সাইফা রহমান মীম, ইব্রাহিম আহমেদ রিপন ও তার স্ত্রী শারমীন এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বর্তমানে পিয়াসা ও মিম গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন এবং আনভীরের স্ত্রী সাবরিনা সায়েম ও ইব্রাহিম আহমেদ রিপন হাইকোর্টের আদেশে জামিনে আছেন। আদালতে আত্মসমর্পণের পর আনভীরকে আগাম জামিন দিতে অস্বীকার করেছিলেন হাইকোর্ট।



