

জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত দশটার দিকে রাজধানীর গুলশানে তার বাসা ঘিরে অবস্থান নেয় র্যাব সদস্যরা।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পিংক সিটির পাশে ১০৭ নং রোডের ২৫/বি নাম্বার বাসার ফ্ল্যাট-এ১ থেকে গ্রেপ্তার করা হয়। এসময় বিপুল পরিমান মদও উদ্ধার করা হয়।
১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। গোয়েন্দা পুলিশ ১৯৯৯ সালের ৩০ জুলাই ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
এ মামলায় কারাগারে আছেন তারিক সাঈদ মামুন ও হারুন অর রশীদ। আর পলাতক রয়েছেন আসামি আজিজ মোহাম্মদ ভাই, আশিক রায় চৌধুরী, সানজিদুল হাসান ইমন ও সেলিম খান।



