
ঢাকায় আবারও ভয়ঙ্কর মাদক এলএসডিসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার (৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলিতে অভিযান চালিয়ে মাতুয়াইল এলাকা থেকে মোহাম্মদ রায়হান (২৫) নামে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।
রোববার র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই তরুণের কাছ থেকে ভয়ঙ্কর মাদক এলএসডি মিশ্রিত ৯৬ পিস রঙ্গিন প্রিন্টেড পেপার স্ট্রিপ, ৩টি ক্রেডিট কার্ড, ২টি ডেবিট কার্ড, ১টি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, ১টি সাউথ আফ্রিকার ড্রাইভিং লাইসেন্স, ১টি বাংলাদেশী পাসপোর্ট ও ১টি নোটবুক উদ্ধার করা হয়।
এতে র্যাব জানায়, গ্রেফতার রায়হান গত ২২ মার্চ সপরিবারে বাংলাদেশে আসার সময় তার ব্যাগের ভিতর রাখা নোটবুকে অভিনব কায়দায় এই নিষিদ্ধ ঘোষিত মাদক নিয়ে আসে।
অভিযুক্ত রায়হান ডিজিটাল পদ্ধতিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার ব্যবসা পরিচালনা করে। তার মোবাইলের হোয়াটসঅ্যাপ একাউন্টটি সাউথ আফ্রিকার নম্বর দিয়ে নিবন্ধন করা।
বাংলাদেশে সে অন্য একটি ফোনের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করত। এই অভিনব কৌশলে সে ভয়ঙ্কর মাদক এল এস ডি বিক্রয় করত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।


