

ক্যাসিনো-কান্ডে আটক হওয়া বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট দুই মামলায় জামিন পাওয়ার ২৪-ঘন্টা পার না হতেই জামিনের আবেদন করেছেন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেপ্তার হওয়া আলোচিত ঠিকাদার এবং বিতর্কিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামিম।
তাঁর বিরুদ্ধে করা মাদক মামলায় উচ্চ আদালতে আজ জামিন আবেদন করেন তাঁর আইনজীবী। সোমবার (১১ এপ্রিল) ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী দূরবীণ নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ঢাকার অভিজাত এলাকা গুলশান হতে গ্রেপ্তার করা হয় জি কে শামীমকে। ভোল পাল্টে একসময়কার যুবদল নেতা থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা বনে যাওয়া শামিমের বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চারটি মামলা করা হয়। এর মধ্যে ২০২০ সালের ২১ অক্টোবর তাঁর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।



