শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বিচারের মুখোমুখি হয়ে আদালতের রায় মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বুধবার দুপুরে নেত্রকোণার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাবর বলেন, “শেখ হাসিনা প্রত্যর্পণ করতে চাইলে করতে পারবেন। তাঁর বিষয়ে আইন নিজস্ব গতিতে চলবে, যেমন আমার বিষয়ে চলবে। সবার ক্ষেত্রেই আইন নিজস্ব গতিতে চলবে, তাঁর ক্ষেত্রেও তাই হবে।”
নিজের কারাবাসের প্রসঙ্গ তুলে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি প্রায় সাড়ে ১৭ বছর কারাগারে ছিলেন। তাঁর দাবি, ওই সময়ে তাঁকে অন্যায়ভাবে এবং মিথ্যার ভিত্তিতে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া বিচার প্রসঙ্গে বাবর বলেন, “তাঁর যে দণ্ড হয়েছিল, তা ন্যায়ের ওপর, স্বচ্ছ বিচারের মাধ্যমে হয়েছে। জাতিসংঘও সে তদন্ত করেছে।”
শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হলে তাঁকে স্বাগত জানাবেন বলেও মন্তব্য করেন বাবর। তিনি বলেন, “উনি যদি আসতে চান, বিচারের মুখোমুখি হন এবং বিচারের রায় মেনে নেন—সেটাই আমরা প্রত্যাশা করি।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানা, পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল মো. হুমায়ুন মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।










