মোটরসাইকেলের পেছনে ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি এবার সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজ দায়িত্বে নির্ধারিত নিয়ম মেনে সামনের নম্বরপ্লেট লাগাতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

গত ১৬ অক্টোবর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি সংযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের নিয়ম রয়েছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি আরও কার্যকর করতে সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের হতে হবে। প্লেটের পটভূমি সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙে লিখতে হবে। এতে কোনো নকশা বা শোভাবর্ধন করা যাবে না।

স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। আর স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। এসব প্লেটেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে সব শর্ত মেনে সামনের নম্বরপ্লেট স্থাপনের জন্য মোটরসাইকেল মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।