টানা সরকারি ছুটির কারণে ব্যবসায়ীদের আর্থিক লেনদেন ও ব্যবসা পরিচালনায় সমস্যা হচ্ছে—এমন অভিযোগ তুলে দেশের সব বাণিজ্যিক ব্যাংকে সাপ্তাহিক ছুটি দুই দিনের পরিবর্তে একদিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শনিবার (২৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন এ দাবি জানান। তিনি বলেন, বিভিন্ন উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় ব্যাংকিং কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকে। এতে ব্যবসায়ীদের লেনদেন ব্যাহত হয় এবং আর্থিক চাপ বাড়ে।

হেলাল উদ্দিনের দাবি, সাপ্তাহিক ছুটি, ঈদ, পূজা, বড়দিনসহ বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে বছরে প্রায় ১২০ থেকে ১৩০ দিন ব্যাংক বন্ধ থাকে। তাঁর ভাষ্য, সাধারণ সময়ে ব্যাংকঋণের সুদ ১৪ থেকে ১৫ শতাংশ হলেও টানা ছুটির কারণে ব্যবসায়ীদের প্রকৃত সুদের চাপ বেড়ে ২৫ থেকে ৩০ শতাংশে পৌঁছায়।

তিনি আরও বলেন, দীর্ঘ ছুটিতে পর্যটন, জ্বালানি, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েন। এ সময় বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যবসাপ্রতিষ্ঠান বা বাসায় রাখতে হয়, যা চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়ায় বলেও দাবি করেন তিনি।

দোকান মালিক সমিতির সভাপতি বলেন, বিদ্যুৎ, পানি, গ্যাস, থানা ও হাসপাতালের মতো জরুরি সেবা বন্ধ রাখা যায় না। একইভাবে ব্যাংকিং কার্যক্রমও দীর্ঘ সময় বন্ধ রাখা উচিত নয়। ব্যবসায়ীদের সমস্যা বিবেচনায় নিয়ে সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি একদিন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তিনি।