কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা তিন ভারতীয় নাগরিকের পাসপোর্ট, ভিসা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল তাদের কাছে ফিরিয়ে দিয়েছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। পুলিশের দ্রুত তৎপরতা ও আন্তরিকতায় হারানো গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ওই ভারতীয় নাগরিকরা। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
শনিবার (২৪ অক্টোবর) ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থানরত ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেন থেকে তিন ভারতীয় নাগরিকের ব্যাগ, পাসপোর্ট, ভিসা, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা মালামাল প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেয় ভৈরব রেলওয়ে থানা পুলিশ। একপর্যায়ে সংশ্লিষ্ট ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন পুলিশ সদস্যরা। এরপর যাচাই-বাছাই শেষে তাদের হাতে উদ্ধার করা মালামাল বুঝিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা মালামাল দ্রুত প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে যোগাযোগ স্থাপন সম্ভব হলে তাদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য মূল্যবান মালামাল সযত্নে বুঝিয়ে দেওয়া হয়।
মালামাল ফিরে পেয়ে ওই ভারতীয় নাগরিকরা জানান, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার পর তারা আশা করেছিলেন, সেগুলো হয়তো আর ফিরে পাবেন না। কিন্তু বাংলাদেশ পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতায় তারা বিস্মিত হয়েছেন। এ জন্য তারা বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, হারানো মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগ বাংলাদেশ পুলিশের দায়িত্বশীলতা, পেশাদারত্ব ও মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।








