ইরান থেকে রুশ কূটনীতিক ও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর নাকচ করেছে মস্কো। রাশিয়ার দাবি, কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই এবং স্বাভাবিক নিয়মেই কার্যক্রম চলছে।
শনিবার (২৪ অক্টোবর) তেহরানে অবস্থিত রুশ দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে ইরান থেকে রুশ কূটনীতিক কিংবা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবরকে ‘ভুয়া’ বলে অভিহিত করা হয়েছে।
এর আগে কয়েকটি টেলিগ্রাম চ্যানেল ও সংবাদ অ্যাগ্রিগেটরে দাবি করা হয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি স্থাপনা থেকে রুশ পরমাণু বিশেষজ্ঞ ও কর্মীদের সরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে রুশ দূতাবাস এ ধরনের খবর অস্বীকার করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে দেশটির একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহরকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে স্থাপনাটিতে হামলার খবরও সামনে এসেছে। গত জুলাইয়ে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে কেন্দ্রটির ভেতরে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতিতে রুশ কর্মীদের সরিয়ে নেওয়ার খবর ছড়িয়ে পড়লেও মস্কো জানিয়েছে, আপাতত এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তাদের নেই।








