অস্ট্রেলিয়ার ব্রিসবেনের কাছে একটি বক্সিং প্রতিযোগিতার বাইরে গাড়ি থেকে গুলি চালানোর ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণীসহ চারজন আহত হয়েছেন। তরুণীটির মাথা ও ঘাড়ে গুলি লেগেছে। অস্ত্রোপচারের পরও তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টা ১৮ মিনিটের দিকে ব্রিসবেনের দক্ষিণে লোগানহোম এলাকার ফিটজিস নামের একটি প্রতিষ্ঠানের বাইরে এ ঘটনা ঘটে। সেখানে বক্সিং প্রতিযোগিতা দেখতে আসা লোকজন যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে জড়ো হয়েছিলেন। এ সময় একটি মিতসুবিশি গাড়ি সেখানে এসে থামে।

কুইন্সল্যান্ড পুলিশের গোয়েন্দা পরিদর্শক ইয়ান গ্যালপিন জানান, গাড়িটির সামনের জানালা দিয়ে দুই ব্যক্তি কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তাঁদের মুখে বালাক্লাভা ও হাতে গ্লাভস ছিল বলে পুলিশের ধারণা। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হন।

আহত ১৯ বছর বয়সী তরুণী জিমবুম্বার বাসিন্দা। এ ছাড়া ব্রাউনস প্লেইন্সের ৩৮ বছর বয়সী এক ব্যক্তি পেট ও হাতে, স্যালিসবারির ৩৭ বছর বয়সী আরেক ব্যক্তি পেটে এবং কর্নুবিয়ার ২৭ বছর বয়সী এক ব্যক্তি পেটে গুলিবিদ্ধ হন। পুলিশ জানিয়েছে, তরুণীটির অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজনের অবস্থাও গুরুতর হলেও তাঁরা স্থিতিশীল রয়েছেন।

পুলিশের দাবি, গুলি চালানোর পর মিতসুবিশি গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওয়াটারফোর্ড ওয়েস্টের ম্যালোনি রোডে গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকাকে অপরাধস্থল ঘোষণা করেছে পুলিশ। পরে অন্য একটি গাড়িতে করে মিতসুবিশির আরোহীরা সেখান থেকে চলে যান।

ইয়ান গ্যালপিন বলেন, গাড়িটির আরোহীদের কেউ এ ঘটনায় আহত হয়ে থাকতে পারেন, এমনকি আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তবে ঘটনার সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, জনসমাগমস্থলে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে, যেখানে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করতে এসেছিল। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

লোগানের মেয়র জন রেভেন এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন। রোববার সকালে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, লোগানে আগে এ ধরনের ঘটনা দেখা যায়নি। এতে পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

মেয়র জানান, বক্সিং প্রতিযোগিতাটি ছিল পরিবারবান্ধব আয়োজন। সেখানে অনেক শিশুও উপস্থিত ছিল। এ ঘটনার মানসিক প্রভাব তাদের জীবনে দীর্ঘদিন থাকতে পারে।

কুইন্সল্যান্ড পুলিশের উপপ্রধান ক্রিস স্ট্রিম ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। মেয়র রেভেন বলেন, আয়োজকেরা তরুণদের সহিংসতা থেকে দূরে রাখতে বক্সিংকে ইতিবাচক মাধ্যম হিসেবে ব্যবহার করছিলেন।

‘লোগান সিটি টাইটেলস’ নামে আয়োজক সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় তারা মর্মাহত। স্থানীয় প্রতিভা, কঠোর পরিশ্রম ও ক্রীড়ানৈপুণ্য তুলে ধরতে পারিবারিক পরিবেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। বক্সিং কিংবা বৃহত্তর সমাজে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ঘটনায় জড়িত ব্যক্তিরা এখনো পলাতক। তবে এ মুহূর্তে সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি রয়েছে বলে মনে করছে না পুলিশ। ঘটনার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।