আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ব্যবস্থা করতে সম্মত হয়েছে জাপান। এ বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের শিল্প উৎপাদন, জ্বালানি অবকাঠামো ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হতে পারে।

প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে চলতি মাসের শেষ দিকে জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির। ওই বৈঠকের পর প্রকাশিতব্য যৌথ বিবৃতিতে বিনিয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, জাপানের বিনিয়োগের বড় অংশ অটোমোবাইল ও অন্যান্য উৎপাদনশিল্পের পাশাপাশি জ্বালানি অবকাঠামো নির্মাণে আসতে পারে।

এ ছাড়া জাপানি ট্রেডিং কোম্পানি সুমিতোমো করপোরেশনসহ বিভিন্ন অংশীদারের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ বিভিন্ন কোম্পানির বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণও এ পরিকল্পনার আওতায় আসতে পারে।

প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশে জাপানি পুঁজি আকর্ষণ, শিল্প উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খাতের বৈচিত্র্য এবং জ্বালানি অবকাঠামো শক্তিশালী করার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠা এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বিদ্যমান রয়েছে। নতুন বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হতে পারে।