পাঁচ দিনের সরকারি সফর শেষে দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন একান্ত সচিব জ্যোতিশ্বর পাল।
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে শুভেচ্ছা জানান গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য শাকিলউজ্জামান ও সাকিব হোসাইন এবং প্রচার সম্পাদক আশরাফুল রায়হান। এ সময় দলটির মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, পাঁচ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং কর্মী পাঠানোর বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।
সফরকালে দক্ষিণ কোরিয়ার চুংজু সিটির মেয়রের বিশেষ আমন্ত্রণে দেশটির একটি খ্যাতনামা প্রতিষ্ঠান চুনকো কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন তিনি। এ ছাড়া ইনচেওন শহরের অন্তর্গত গাংহোয়া কাউন্টির মেয়র পার্ক ইয়ং-চোওলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।
বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের পরিধি বাড়ানো, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগব্যবস্থা নিশ্চিত করা এবং বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সিউলে পৃথক দুটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন নুরুল হক নুর।
এ ছাড়া দক্ষিণ কোরিয়ার কোরিয়ান প্রিন্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এসব বৈঠকে দুই দেশের মধ্যে কর্মসংস্থান ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।








