ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। ওয়েবসাইটে প্রবেশ করলে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি ভেসে উঠছে। পাশাপাশি ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যাচ্ছে।

ওয়েবসাইটে এমন পরিবর্তন দেখা যাওয়ায় এটি হ্যাক বা সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সময় পোর্টালটির স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র প্রদর্শিত হচ্ছিল।

ঘটনার পর থেকে ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। তবে ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য এবং পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের খবর প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোন ও মেসেজের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি।