সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ৯ ডিসেম্বর প্রতিবেদন জমার দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে ১৩১ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেল তদন্ত সংস্থা।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিনে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

প্রথমে মামলাটির তদন্তের দায়িত্বে ছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তদন্তের দায়িত্ব র‌্যাবের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চপর্যায়ের টাস্কফোর্সের কাছে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।