বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন ভারতীয় সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, তার কোনো বক্তব্যে বাংলাদেশের মানুষের কেউ আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
সম্প্রতি ‘ফ্যাক্টচেক’ নামের ওই টকশোতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়ূখ রঞ্জন ঘোষ ও বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হারুন উর রশীদ। সেখানে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনার একপর্যায়ে ময়ূখ রঞ্জন ঘোষ বলেন, আব্দুন নূর তুষার জাতীয়তাবাদী বিশ্বাস থেকে নিজের অবস্থানের পক্ষে কথা বলেছেন। তবে তার মতো বিবেচক ব্যক্তিদের বক্তব্য শুনে একপর্যায়ে তার মনে হয়েছিল, বাংলাদেশে ৫ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত তারা কথা বলা বন্ধ রেখেছিলেন।
এরপর বাংলাদেশের মানুষের উদ্দেশে তিনি বলেন, তার বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিশেষ করে বাংলাদেশের বিবেচক ও সচেতন মানুষদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন।
ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাবেক সংবাদ উপস্থাপক। বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময়ে তার মন্তব্য ও সংবাদ উপস্থাপনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার বক্তব্যের তথ্য ও উপস্থাপনার ধরন নিয়েও সমালোচনা রয়েছে।








