বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ও প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ চার দিন এগিয়ে আনা হচ্ছে। পূর্বনির্ধারিত ২৭ নভেম্বরের পরিবর্তে আগামী ২৩ নভেম্বর ফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের যেন পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে পুনঃনিরীক্ষণের ব্যবস্থা করা হয়েছে। একটি বা দুটি বিষয়ের জন্য শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা করার প্রয়োজন নেই। উত্তরপত্র মূল্যায়নে ভুল করা পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ চলবে ৭ নভেম্বর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হওয়ায় শিক্ষার্থীদের সুবিধার্থে ২৩ নভেম্বর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুনঃনিরীক্ষণের মাধ্যমে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হতে পারে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের অভিজ্ঞতায় দেখা গেছে, প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর ফলের গ্রেড পরিবর্তন হয়েছিল। তাদের মধ্যে ৫ হাজার শিক্ষার্থী অকৃতকার্য থেকে উত্তীর্ণ হন এবং ৩ হাজার ৭৯ জন জিপিএ-৫ পান।

তিনি আরও বলেন, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে যেসব দুর্বলতা ও অনিয়ম রয়েছে, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব পরীক্ষকের মূল্যায়নে দুর্বলতা রয়েছে, তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। আর যারা উত্তরপত্র মূল্যায়নে ভুল করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এইচএসসি পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণের পর আবেদনসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিষয়ভিত্তিক তালিকা প্রস্তুত করা হবে। এরপর পরীক্ষক নিয়োগ, উত্তরপত্র সংগ্রহ এবং পুনর্মূল্যায়নের কাজ সম্পন্ন করা হবে। পুনর্মূল্যায়নের কাজ শেষে পরিবর্তিত নম্বর কম্পিউটার সেলে পাঠানো হবে। সেখানে নম্বর এন্ট্রি ও যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

আবেদনের নিয়মাবলি

পুনঃনিরীক্ষণে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষাবোর্ড নির্বাচন করতে হবে। এরপর সাবমিট করে মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে, সেটি নির্বাচন করে ফি পরিশোধ করতে হবে। প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

বিকাশ, নগদ, ডাচ্‌-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি জমা দেওয়ার পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।