সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিবকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনীম।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে হাবিবুর রশিদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এতে তার নাম, পদবি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।









