এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কোচিং সেন্টারগুলোতে অনেক শিক্ষক রয়েছেন, যারা ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি সবকিছু পর্যবেক্ষণ করছি, তালিকা নিচ্ছি, ক্লাসরুমে পড়াতে হবে। যারা এমপিওভুক্ত বা বেতনভুক্ত শিক্ষক, তারা বাইরে কোচিং সেন্টারে যেতে পারবেন না।’ এমপিওভুক্ত শিক্ষকেরা ক্লাসে প্রাইভেট পড়াতে পারবেন না, কোচিং করাতে পারবেন না; এ ধরনের কাজ যাঁরা করছেন বা করবেন তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে যাওয়া শিক্ষকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী; যখন-তখন মিটিং-মিছিলে গিয়ে রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত হবেন না, কাজ বাদ দিয়ে মিছিলে যাবেন না। যেসব এমপিওভুক্ত শিক্ষক ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, তাঁদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সময়মতো ক্লাসরুমে এসে শিক্ষককে না পেলে তাঁরা রিপোর্ট করবে, ছবি তুলে পাঠিয়ে দেবে।
শিক্ষামন্ত্রী বলেন, লেখাপড়ায় আর কোনো দুর্নীতি হবে না, দেশে আর নকলও চলবে না। এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি; আগামী দিনেও বাংলাদেশে আর প্রশ্নপত্র ফাঁস হবে না। এ ছাড়া তিনি জানান, আগামী ২৪ ডিসেম্বর সব ক্লাসের পরীক্ষার ফলাফল এবং একই দিনে পরবর্তী শ্রেণির নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে; সারা দেশে মেয়েদের সাড়ে তিন লাখ বাইসাইকেল ও শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার দেওয়া হবে।









