গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন ও এ-সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের কাছে দুটি চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা প্রতিবেশী দেশের কাছে গঙ্গার চুক্তি নিয়ে দুটি চিঠি পাঠিয়েছি। তারা একটি চিঠিরও উত্তর দেয়নি। আমি ব্যক্তিগতভাবেও একটি চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব পাইনি।’
মন্ত্রী জানান, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কাজ করতে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের জবাবের অপেক্ষায় বসে নেই বাংলাদেশ। পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলছে; পাশাপাশি পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প এবং পানির উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়; এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ধারা ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার যাতে শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ কমে গেলেও বাংলাদেশ নির্ধারিত পরিমাণ পানি পায়।
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ চায়, ভারত কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে নয়, বরং এ দেশের সামগ্রিক জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুক। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে এবং তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে; হাইকমিশনার সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল পাওয়া যায়নি। সীমান্তে ‘ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ’ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।









