তিন বছর পর আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। নেতৃত্ব ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দেওয়া সব সময়ই তাঁর কাছে গর্বের বিষয়।
অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া এক বিবৃতিতে রোহিত বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবনের একটা বড় অংশ। এই দলের নেতৃত্ব দিতে পারা সব সময়ই আমার কাছে গর্বের। আমরা কী অর্জন করতে পারি, তা নিয়ে আমি আত্মবিশ্বাসী।’
হিটম্যানখ্যাত এই তারকা ওপেনার আরও বলেন, ‘২০তম মৌসুমের জন্য আমি প্রস্তুত। সামনে যে সমস্যাই আসুক না কেন, সমর্থকদের আনন্দ করার মতো অনেক মুহূর্ত উপহার দিতে চাই। নিজেদের ঘরানার ক্রিকেট খেলা এবং সবাই মিলে খেলাটা উপভোগ করার দিকেই আমাদের মনোযোগ থাকবে।’
এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা অম্বানীর মনে পড়েছে ২০১১ সালের কথা। ওই বছরই রোহিত শর্মা দলটিতে যোগ দিয়েছিলেন।
নীতা অম্বানী বলেন, ‘রোহিতের দলে যোগ দেওয়ার মুহূর্তটি এখনো মনে আছে। এত বছর ধরে ক্রিকেটার হিসেবে ওর বেড়ে ওঠার সাক্ষী থাকতে পেরে আমি আপ্লুত। একজন চ্যাম্পিয়ন, নেতা এবং অসাধারণ মানুষ হিসেবে রোহিত আমাদের অনেক সুন্দর স্মৃতি উপহার দিয়েছে। ২০তম মৌসুমে তাকে অধিনায়ক হিসেবে দেখতে পারা আমাদের জন্য বিশেষ মুহূর্ত।’
মুম্বাই ইন্ডিয়ান্সের আরেক মালিক ও নীতা অম্বানীর ছেলে আকাশ অম্বানী বলেন, রোহিতের সঙ্গে মুম্বাই সমর্থকদের সম্পর্ক বরাবরই বিশেষ। নতুন অধ্যায় রোহিতকে আরও গর্বিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।









