মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা ৩০-এ জায়গা না পেলেও দুটি বিভাগে দর্শকদের ভোটে বিজয়ী হয়ে নজর কেড়েছেন তিনি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতিও পেয়েছেন মাহি।

সুইমস্যুট ও ইভনিং গাউন—এই দুই বিভাগে পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

প্রতিযোগিতার সুইমস্যুট পর্ব থেকেই মূলত আলোচনায় আসেন মাহি। প্রচলিত ধারার বাইরে বিকিনির পরিবর্তে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে মঞ্চে হাজির হন তিনি। পোশাকটির সঙ্গে ছিল পেছনে ছড়িয়ে থাকা লম্বা নীল কাপড়।

তাঁর এই ব্যতিক্রমী লুক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পায়। শেষ পর্যন্ত দর্শকদের ভোটেও এ পর্বে সাফল্য অর্জন করেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান মাহি। তিনি জানান, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। অন্যদিকে, ন্যাশনাল কস্টিউম বিভাগে বাংলাদেশ পেয়েছে প্রথম রানারআপের স্বীকৃতি।

বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন দেশের সব মানুষের বলে মনে করেন মাহি।

আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পুরো পথচলায় সমর্থকদের ভালোবাসা, দোয়া ও উৎসাহ তাঁকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে বলে জানান মাহি। প্রতিটি ধাপে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করার কথা উল্লেখ করে এই ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে অভিহিত করেন তিনি।