প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে এককভাবে সংলাপে অংশ নেওয়ার পর এবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দলীয়ভাবে সংলাপে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ইসির সংলাপে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হলেও তাতে সায় দেয়নি এনসিপি। আগামী ১ ডিসেম্বর ইসির সঙ্গে আলাদাভাবে সংলাপে বসবে দলটি।
এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দল হিসেবে অংশ নেওয়ার পক্ষে তাঁরা। কারণ, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। ফলে দলটির নিজস্ব অগ্রাধিকার ও আলোচনার বিষয় রয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জোট হিসেবে নয়, দল হিসেবেই এনসিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
নেতাদের অভিযোগ, জোটের শরিকদের সঙ্গে আলোচনা করার আগেই জামায়াত নির্বাচন কমিশনকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তাঁদের দাবি, এ ধরনের একতরফা সিদ্ধান্ত জোটের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার জন্য ভালো দৃষ্টান্ত নয়।
বৃহস্পতিবার ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী পরিষদের এক সভায় জোট হিসেবে ইসির সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। শুক্রবার ১১ দলীয় জোটের নেতাদের কাছে এ সিদ্ধান্ত জানায় জামায়াত। তবে এককভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে এনসিপি। দলটি রাজি না হলেও ১১ দলীয় জোট ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে জোটবদ্ধ সংলাপে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, ‘১১ দলীয় জোটের দুটি দলের নিবন্ধন নেই। সঙ্গত কারণেই ১১ দল হিসেবে ইসিতে যাওয়ার বাস্তবতাও অনুপস্থিত। ৯ দল গেলে তাকে ১১ দলীয় জোট বলা যায় না।’
এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে বা জোটগতভাবে অনুষ্ঠিত না হওয়ায় ইসির সংলাপে জোট হিসেবে অংশ নেওয়াকে অযৌক্তিক মনে করছে এনসিপি। তাই দল হিসেবেই সংলাপে অংশ নিতে চায় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাত্রা শুরু করা দলটি।
এনসিপির নেতারা মনে করেন, আগের জোটগুলোর মতো দলীয় স্বার্থে জোটের সম্মিলিত শক্তি ব্যবহার কিংবা রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখতে শরিকদের নামসর্বস্ব দল হিসেবে দেখা উচিত নয়। বরং প্রতিটি দলের স্বতন্ত্র রাজনৈতিক কৌশল ও গুরুত্ব জোটকে আরও শক্তিশালী করবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।









