জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, আগামী ছয় মাসে (ডিসেম্বর থেকে আগামী মে পর্যন্ত) ১৬টি দেশ ও অঞ্চলে তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে। চলমান সংঘাত, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির চড়া দাম এবং মানবিক সহায়তা কমে যাওয়াকে এই সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে সুদান, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া এবং উত্তর নাইজেরিয়াকে সর্বোচ্চ উদ্বেগের তালিকায় রাখা হয়েছে। ২০২২ সাল থেকে এই পাঁচটি দেশ বারবার এই তালিকায় আসছে। সুদানের উত্তর দারফুর ও দক্ষিণ করদোফানের ১৩টি এলাকায় জানুয়ারি পর্যন্ত দুর্ভিক্ষের ঝুঁকি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রায় ১ কোটি ৯৫ লাখ মানুষ বা মোট জনসংখ্যার ৪১ শতাংশ এখন চরম খাদ্য সংকটে। যুদ্ধের পাশাপাশি এল নিনোর প্রভাবে খরায় দেশটির প্রধান কৃষি অঞ্চলগুলোর অর্ধেকের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক বছরে ডিজেল ও খাদ্যশস্যের দাম দ্বিগুণের বেশি বেড়েছে।
অন্যদিকে গত জুলাইয়ে নতুন করে লড়াই ছড়িয়ে পড়ায় ইয়েমেনে খাদ্য সংকট আরও খারাপ হচ্ছে। তাইজ, লাহজ ও এডেন প্রদেশে নতুন করে ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সরকারি নিয়ন্ত্রিত এলাকায় ১৮ লাখ মানুষ জরুরি খাদ্য সংকটে ভুগছেন। এছাড়া লোহিত সাগর, হরমুজ প্রণালি ও কৃষ্ণসাগরে নৌচলাচল ব্যাহত হওয়ায় আমদানি-নির্ভর ইয়েমেনে খাদ্য ও জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়েছে। হুতিদের হাতে এখনো জাতিসংঘের ৭৩ জন কর্মী আটক থাকায় ত্রাণ কার্যক্রম চালানোও কঠিন হয়ে পড়েছে। ২০২৫ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতির পর ফিলিস্তিনি ভূখণ্ডকে তালিকার এক ধাপ নিচে নামানো হলেও, সেখানকার ৬৭ শতাংশ মানুষ এখনো তীব্র ক্ষুধা বা তার চেয়েও খারাপ পরিস্থিতির মুখে রয়েছেন।
দাতা দেশগুলো অর্থ বরাদ্দ কমিয়ে দেয়ায় ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা পাঁচ দেশে খাদ্য সহায়তা ৬২ শতাংশ এবং ইয়েমেনে ৭৯ শতাংশ কমেছে। ফসল বোনা ও কাটার মৌসুমে কৃষকদের কাছে সময়মতো সহায়তা পৌঁছানো জরুরি উল্লেখ করে এফএওর উপ-মহাপরিচালক বেথ বেকডল বলেন, ‘সেই সময়টা একবার হাতছাড়া হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আমরা আসলে ক্ষয়ক্ষতির পেছনেই টাকা ঢালছি।’









