আগামী আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরাইলের ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। একই সঙ্গে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে জোট আলোচনা দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছেন তিনি। আইজেনকোটের দাবি, দেশে নতুন নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি করতেই এমনটি করছে লিকুদ।
শুক্রবার (২৭ নভেম্বর) আইজেনকোট জানান, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে পাওয়া সরকার গঠনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি নতুন সরকার গঠন করতে চান। এ জন্য তাঁর হাতে সময় রয়েছে মাত্র আট দিন। আগামী ৬ ডিসেম্বর এ মেয়াদ শেষ হবে।
আইজেনকোট ইতোমধ্যে আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু এবং ইয়াইর গোলানের দ্য ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট চুক্তি করেছেন। এই তিন দলের সম্মিলিত আসনসংখ্যা ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে ৩৬টি।
সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘বিয়াচাদ’ পার্টি জোটে যুক্ত হলে চার দলের আসনসংখ্যা দাঁড়াবে ৪৮। অথচ সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ আসন।
এই ঘাটতি পূরণে আইজেনকোটকে আরব নেতৃত্বাধীন দুটি দল অথবা কট্টর ইহুদি ধর্মীয় গোষ্ঠীর দুটি দলের সমর্থন নিতে হতে পারে।
আপাতত তাঁর পছন্দের সমীকরণে রয়েছে কট্টর ইহুদি ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুদাইজম এবং তুলনামূলক মধ্যপন্থি আরব দল রা'আমের সমর্থন নিয়ে সরকার গঠন।
তবে এমন জোট হলে আইজেনকোটের নেতৃত্বাধীন ব্লকের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ হবে। কারণ, নির্বাচনের আগে তাঁরা আরব নেতৃত্বাধীন কিংবা কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে সরকার গঠনে অংশ না নেওয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন নির্বাচন এড়াতে তাঁদের অবস্থানে ছাড় দিতে হচ্ছে।
নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাবও
আইজেনকোটের সামনে আরেকটি সম্ভাবনা রয়েছে। সেটি হলো নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে আইজেনকোট বলেন, এমন সরকার গঠনে তিনি সমঝোতা করতে প্রস্তুত। কিন্তু লিকুদ এ বিষয়ে আন্তরিকভাবে আলোচনা করতে আগ্রহী নয়।
অন্যদিকে, লিকুদ পাল্টা অভিযোগ করেছে, আইজেনকোট ইতোমধ্যে একটি ‘বিপজ্জনক বামপন্থি সরকার’ গঠনের চুক্তি করে ফেলেছেন। ঐক্য সরকারের আলোচনা চালানোর পাশাপাশি তিনি মন্ত্রিসভার পদও বণ্টন করছেন বলে অভিযোগ দলটির।
এ ছাড়া আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের উদ্যোগ নিয়ে আইজেনকোটের সমালোচনা করেছে লিকুদ। দলটি আরব দলগুলোকে ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলে আখ্যা দিয়েছে।
তবে এর কয়েক মিনিট পর দেওয়া আরেক বিবৃতিতে লিকুদ জানায়, আইজেনকোটের কর্মকাণ্ড নিয়ে আপত্তি থাকলেও ইসরাইলের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য সরকার গঠনের জন্য তাদের দরজা খোলা রয়েছে। এ লক্ষ্য অর্জনে সব ধরনের চেষ্টা চালানো হবে বলেও জানায় দলটি।
আইজেনকোটের অভিযোগ, গত দুই সপ্তাহে ইয়াশার ও লিকুদের আলোচনাকারী দল মাত্র পাঁচবার বৈঠকে বসেছে। আরও ঘন ঘন বৈঠকের প্রস্তাব দিলেও লিকুদ তাতে রাজি হয়নি।
তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার কারণ অনুসন্ধানে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন, সরকার থেকে উগ্রপন্থিদের সরানো এবং সবার জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করার আইন নিয়ে আলোচনায় রাজি হয়নি লিকুদ।
আইজেনকোটের ভাষায়, লিকুদ যে ঐক্য সরকারের প্রস্তাব দিয়েছে, সেটি সবচেয়ে খারাপ ধরনের সমঝোতা। সেখানে থাকবে ‘একই সরকার, একই শরিক এবং কোনো পরিবর্তন নয়। এমনকি বাধ্যতামূলক সামরিক সেবার আইনও থাকবে না।’
তিনি বলেন, ‘এ ধরনের প্রহসনে আমি অংশ নিতে চাই না।’
আইজেনকোট আরও জানান, রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং বিচারব্যবস্থার সংস্কারের বিষয়ে তাঁর জোট সমঝোতায় রাজি ছিল। কিন্তু দুই সপ্তাহের আলোচনায় লিকুদ কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারেনি।
তবে লিকুদ আন্তরিকভাবে আলোচনা ও পারস্পরিক সমঝোতায় আগ্রহী হলে তাদের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি।
সরকার গঠনে ব্যর্থ হলে কী হবে?
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন পরিবর্তনপন্থি জোট—কোনোটিই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
ইসরাইলের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হারজগ চাইলে আইজেনকোটের সরকার গঠনের সময়সীমা সর্বোচ্চ ১৪ দিন বাড়াতে পারবেন। তিনি ব্যর্থ হলে অন্য কোনো আইনপ্রণেতাকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিতে পারবেন।
সেই চেষ্টাও ব্যর্থ হলে অন্তত ৬১ জন আইনপ্রণেতা ২১ দিনের মধ্যে অন্য কোনো পার্লামেন্ট সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার অনুরোধ জানাতে পারবেন। নতুন নির্বাচন এড়ানোর এটিই হবে শেষ প্রচেষ্টা। দায়িত্ব পাওয়া ওই আইনপ্রণেতাকে ১৪ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে।









