রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে নতুন কৌশল প্রয়োগ করে সাফল্য পাওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ‘অপারেশন বিয়ার ট্র্যাপ’ নামে বিশেষ অভিযানে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের প্রায় ২০০ বর্গকিলোমিটার এলাকা ও ১৪টি বসতি রুশ সেনাদের দখলমুক্ত করার দাবি করেছে কিয়েভ। অন্যদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, যুদ্ধে রুশ সেনাদের হতাহতের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২০ নভেম্বর ইউক্রেনের নতুন সামরিক অভিযানের বিস্তারিত সামনে আসে। চলতি বছরে রাশিয়ার বিরুদ্ধে এটি ছিল ইউক্রেনের চতুর্থ বড় সামরিক অভিযান। এর প্রায় এক মাস আগে রাশিয়া দাবি করেছিল, সীমান্তবর্তী ভেলিকি বুরলুক শহরের কাছে একটি এলাকায় তারা প্রায় ২ হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলেছে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইউক্রেনের সামরিক কমান্ডাররা সেনাদের ঘেরাওয়ের ঝুঁকি থেকে রক্ষা করতে ‘অপারেশন বিয়ার ট্র্যাপ’ শুরু করেন। এ অভিযানে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা, গোপনীয়তা বজায় রাখা এবং একাধিক দিক থেকে আক্রমণের কৌশল নেওয়া হয়।

অভিযানের শুরুতে ইউক্রেনের সেনারা রাশিয়ার তৈরি টি-৮০ এবং যুক্তরাষ্ট্রের তৈরি এম-১ আব্রামস ট্যাংক ব্যবহার করে সীমান্তবর্তী ভিলহুভাতকা শহরে হামলা চালান। এতে রুশ বাহিনী ধারণা করে, ইউক্রেনের মূল আক্রমণ ওই দিক থেকেই আসবে। তবে প্রকৃতপক্ষে ইউক্রেনীয় সেনারা পেছন দিক থেকে রুশ সেনাদের শক্তিবৃদ্ধির জন্য আসা বাহিনীর ওপর হামলা চালান। পাশাপাশি ড্রোনের সাহায্যে রুশ সেনাদের রসদ সরবরাহের পথেও মাইন পেতে রাখা হয়।

ইউক্রেনের সামরিক কমান্ডের দাবি, এ অভিযানে এখন পর্যন্ত ২০০ বর্গকিলোমিটার এলাকা এবং ১৪টি বসতি রুশ দখলমুক্ত করা হয়েছে। অভিযান এখনো চলমান। তবে খারকিভের সীমান্তবর্তী অন্তত চারটি গ্রাম এখনো রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের দাবি, প্রায় ৫০০ বর্গকিলোমিটার এলাকা দখলের রুশ পরিকল্পনাও ব্যর্থ হয়েছে।

এর আগে চলতি বছর পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক ও দ্রুজকিভকার প্রতিরক্ষাবলয় ঘিরে ফেলার রুশ প্রচেষ্টাও ব্যর্থ করে দেওয়ার দাবি করেছিল ইউক্রেন। সে সময় ‘অপারেশন ভিভালদি’ পরিচালনা করে রুশ বাহিনীর অগ্রযাত্রা থামানো হয়।

এদিকে, যুদ্ধের পাশাপাশি ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলে তাদের সেনারা সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখেছেন। রুশ বাহিনীর হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের সামরিক যান ধ্বংস করা হচ্ছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, ২৪ নভেম্বর পর্যন্ত যুদ্ধে রাশিয়ার মোট সেনা হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জনে। কিয়েভের দাবি, নভেম্বর মাসে রুশ সেনা হতাহতের সংখ্যা ৫৫ হাজার ৬২৯ জনে পৌঁছেছে, যা এক মাসে সর্বোচ্চ।