চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছে বিএনপি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পীরপুর ও টেইপুর গ্রামের মাঝামাঝি রাস্তার মোড়ে অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১১টার পর মোবাইল ফোনে তিনি বিষয়টি জানতে পারেন।

আখতার হোসেনের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে সেখানে আগুন দিয়েছে। বিষয়টি জেলা বিএনপির নেতাদের পাশাপাশি সদর থানার ওসিকেও প্রাথমিকভাবে জানানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।