সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর পর ফরিদপুরে ধরা পড়েছেন প্রাইভেট শিক্ষক মো. রাজিব হোসেন (৩৮)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে যৌথ অভিযানকারী দল। একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২।
গ্রেপ্তার রাজিব হোসেন উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক।
মামলার এজাহার অনুযায়ী, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় দশম শ্রেণির ওই ছাত্রী। পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, এর আগেও রাজিব একই উপায়ে তার দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন; কয়েক মাসের ব্যবধানে দুজনকেই তালাক দেন তিনি। বর্তমানে তার ঘরে একজন স্ত্রী রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এসআরবি-১২ জানিয়েছে, গ্রেপ্তার রাজিবকে উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।









